
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের সান্ত্বনা দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা মানুষের সামনে ভিন্ন ধরনের আচরণ তুলে ধরতেন। তার দাবি, এসব ঘটনার পেছনে ভিন্ন বাস্তবতা ছিল।
স্পিকার আরও বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রকৃত অবস্থান সম্পর্কে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় অবগত ছিল বলে তিনি মনে করেন। সময়ের সঙ্গে এসব বিষয় জনগণের কাছে স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দেওয়া সাক্ষ্য ও প্রমাণের প্রসঙ্গ তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, এসব অভিযোগের ভিত্তিতেই তার ভূমিকা সম্পর্কে জনগণের কাছে চিত্র পরিষ্কার হয়েছে।

মতবিনিময় সভায় তিনি ‘আয়নাঘর’-এর প্রসঙ্গও তুলে ধরেন। তার বক্তব্য, একজন ব্যারিস্টারকে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছিল এবং পরবর্তী সময়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি মুক্ত হয়ে সংসদ সদস্য হয়েছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

সাবেক সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়েও কথা বলেন ভোলা-৩ আসনের এই সংসদ সদস্য। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ ও পর্দার অস্বাভাবিক মূল্য দেখানোর উদাহরণ তুলে ধরেন।
এ সময় তিনি দাবি করেন, তৎকালীন সরকারের এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে বিপুলসংখ্যক বাড়ি রয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ আত্মসাতের অভিযোগও করেন তিনি।
লালমোহনের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, অতীতে স্থানীয় এক এমপির বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল এবং ২০১০ সালের উপনির্বাচনে তার নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছিল।