ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দলকে বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে সোহেল তাজ লেখেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ফেরার কথা বলছেন বলে তিনি শুনেছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন মানুষ কীভাবে নিজের অতীত কর্মকাণ্ড অস্বীকার করে মানুষ ও দলকে বিভ্রান্ত করতে পারেন।
তার পোস্টে শেখ হাসিনার শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়। সেখানে গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার, দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করা এবং বিপুল অর্থ বিদেশে পাচারের মতো অভিযোগের উল্লেখ করেন তিনি।
সোহেল তাজ আরও দাবি করেন, আত্মসমালোচনা বা অনুশোচনার পরিবর্তে ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ সামনে এনে আওয়ামী লীগকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এর ফলে দেশকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফেরা অত্যন্ত বিরল ঘটনা। তার ভাষ্য অনুযায়ী, ব্রাজিলের গুইতালিও ভার্গাস, বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান (দ্বিতীয়) এবং মেক্সিকোর এন্টোনিও লোপেজ ডি সান্টা আনা ক্ষমতায় ফিরতে সক্ষম হয়েছিলেন। তবে তাদের সবাইকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
তিনি দাবি করেন, বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা জনগণের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছেড়ে যেতে বাধ্য হন। তিনি দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়, জেলে যেতে হবে বলেও মন্তব্য করেন সোহেল তাজ।