কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামী ধানমন্ডি জোন ওই এলাকায় একটি মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় উপস্থিত সাংবাদিকরা এ মন্তব্যের প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, জামায়াতের কয়েকজন কর্মী সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের কলার চেপে ধরেন এবং তাকে ঘুষি মারেন। পরে তিনি রাস্তায় পড়ে গেলে তাকে লাথিও মারা হয়।
আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিনি অভিযোগ করে বলেন, “আমাকে মারধর করে আহত করা হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক।” তিনি আরও প্রশ্ন তোলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বললেও একজন সাংবাদিকের ওপর হামলা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে।
ঘটনার পর সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।