ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের ‘গুপ্ত রাজনীতি’ করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, দলটি সবসময় প্রকাশ্য রাজনীতি এবং নীতিনিষ্ঠ অবস্থানে বিশ্বাস করে।
শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে যে কোনো রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে ইসলামের আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যে এবং একই কারণে প্রয়োজনে জোট থেকেও বেরিয়ে এসেছে। তিনি দাবি করেন, দলটি জনগণের সঙ্গে প্রতারণা বা ধোঁকাবাজির রাজনীতি করে না।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য কখনো ইসলামকে ত্যাগ করবে না। আদর্শের প্রশ্নে দল আপসহীন থাকবে বলেও জানান তিনি।
সমাবেশে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গেও বক্তব্য দেন। সংসদে আবারও ‘মুক্তিযুদ্ধ বনাম রাজাকার’ বিতর্ক উত্থাপন জাতির জন্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, কার পরিবারের কে মুক্তিযোদ্ধা ছিলেন—এ বিষয়ে স্পষ্ট তথ্য জাতির সামনে তুলে ধরা উচিত, যাতে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে।
মে দিবসের শ্রমিক সমাবেশে বক্তারা শ্রমিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।