চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চরমোনাই দরবার দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এই মাহফিল সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ গরম উপেক্ষা করে মাহফিলে অংশ নিয়েছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ধর্মীয় মূল্যবোধ এখনও সমাজে শক্তিশালী অবস্থানে রয়েছে।
আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন শুনে আসছিলেন এই মাহফিলে অংশ নেওয়া মানুষ নতুন চেতনা নিয়ে ফিরে যান। এবার সরাসরি অংশ নিয়ে তিনি সেই পরিবর্তনের পরিবেশ উপলব্ধি করেছেন।
রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্ররা রাজপথে নামার পর প্রথম রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন মাঠে নেমেছিল, যা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি জানান, আন্দোলনের সময় অনেক সহযোদ্ধা আহত ও শহীদ হন। সে সময় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সহায়তায় আন্দোলন টিকে ছিল।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এনসিপি ও ইসলামী আন্দোলনের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।