
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার পর এখন সারাদেশে শুরু হয়েছে ভোট গণনা।
প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের এখন পর্যন্ত ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাথমিক গণনায় ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ২৯৭ ভোট।
ঢাকা-১৭ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ২ হাজার ১৬৬ ভোট। ফলে এই আসনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে।

অন্যদিকে, ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এই আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, যেখানে তিনি ১ হাজার ৩১০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট। প্রাথমিক ফলাফলে এই আসনেও প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, দেশের ২৯৯টি সংসদীয় আসনে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে এখন সারাদেশে চলছে ভোট গণনার কার্যক্রম। চূড়ান্ত ফলাফল ঘোষণা হলে নতুন সংসদের চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।