
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দলটির প্রভাবশালী নেতা আতাউর রহমান সরকার আতা শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘুড়িদহ গ্রামে আয়োজিত এক বিশাল যোগদান সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন। এ সময় তার সঙ্গে প্রায় ৬ শতাধিক নেতাকর্মীও বিএনপিতে যোগ দেন।
আতাউর রহমান সরকার আতা গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি সাঘাটা ও গাইবান্ধার রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
তার মতো একজন হেভিওয়েট নেতার দলত্যাগ জাতীয় পার্টির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাঘাটায় দলটির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
যোগদান সভায় সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল এবং শিক্ষাবিষয়ক সম্পাদক আরশাদুল কবির রাঙ্গা। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত সাঘাটায় এই দলবদলের ফলে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় রাজনীতিতে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে।