
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৬

আগে প্রবাসে বাংলাদেশি কেউ মারা গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনা খরচে মরদেহ পরিবহন করে দেশে নিয়ে আসত। কিন্তু সম্প্রতি তা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে বেশি টাকা দিয়ে পরিবারের খরচেই দেশে আনতে হচ্ছে রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ।এ নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা। যদিও বিষয়টি নিয়ে ‘মুখে কুলুপ এঁটেছে’ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

ওমানে অবস্থানরত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের এক সদস্য বলেন, আমরা রোদে পুড়ে, জ্বলে ভিজে কাজ করে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখি। অথচ দেশে আমাদের জন্য অতিরিক্ত কোনো সুবিধা নেই।বরং আমরা প্রবাসে মারা গেলেও পরিবারের ওপর খরচের দায়ভার পড়ে। মন্ত্রণালয় চাইলে খুব সহজেই অল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব, তবে আমরা শ্রমিক শ্রেণির বলে আমাদের বিষয়গুলো সবসময় উপেক্ষিত থাকে।আমাদের মতো প্রবাসীদের অবস্থান বাংলাদেশে বসবাসরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর চেয়েও নিচে।