
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১৯:১৯

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনায় আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই আমাদের খাদ্যদ্রব্যের কোনো সমস্যা নাই। এখনও ১৭ লাখ মেট্রিকটন খাদ্য সরকারি গুদামেই মজুদ আছে। সাড়ে ৩ লাখ মেট্রিকটন গম আমাদের মজুদ আছে। বেসরকারি রাইস মিলের কাছেও প্রচুর পরিমাণে খাদ্য মজুত আছে। সারা বাংলাদেশের বড় কৃষকদের কাছেও ধান, চাল মজুদ আছে। তাছাড়া আমাদের ক্ষেতে ফসল আছে, কৃষক ফসল বুনছে। তরকারি, শাক-সবজি আমাদের প্রচুর উৎপাদন হচ্ছে। আমাদের লবণ উৎপাদন প্রচুর হচ্ছে। একজনকে দেখলাম তিনি বলেছেন তিনি ৩০ কেজি লবণ কিনে রেখেছেন। এটা কতদিন খাবেন তা আমি জানি না। সেটা দিয়ে তিনি করবেন। আর পেঁয়াজের একবার দাম বাড়ার ফলে অনেকে প্রচুর পেঁয়াজ কিনে মজুদ করেছিলেন। ফলাফল এই হয়েছিল যে পেঁয়াজগুলো পঁচে যাওয়াতে তা ফেলে দিতে হয়েছিল।’
