রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিতব্য ২০২৬-২৭ অর্থবছরের একনেকের তৃতীয় সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, মেট্রোরেল করিডোরটি ঢাকার গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে। পথে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাব নগর, আফতাব নগর সেন্টার, আফতাব নগর ইস্ট ও নাসিরাবাদ যুক্ত হবে। একই সঙ্গে এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুট ও এমআরটি লাইন-১-এর সঙ্গে সরাসরি ইন্টারচেঞ্জ সুবিধা থাকবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ডিএমটিসিএল প্রকল্পটি বাস্তবায়ন করবে। সময়কাল ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল দেবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা এডিবি ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে সহজ শর্তে ঋণ হিসেবে আসবে।
প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানান, প্রাথমিক সব প্রক্রিয়া শেষ হয়েছে। ব্যয় ও নকশা কয়েক দফা পর্যালোচনার পর প্রকল্পটি অর্থনৈতিক ও পরিবেশগতভাবে লাভজনক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। চালু হলে যানজট কমবে এবং দ্রুত যাতায়াত নিশ্চিত হবে।