প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এ বিষয়ে শনিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। ওই পোস্টে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের একটি ছবিও প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’
নিয়োগের জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।’
নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব পদমর্যাদায় এ নিয়োগ কার্যকর করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন বিএনপির এই নেতা।