ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তার পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত বিশেষ অসুবিধাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। চিঠিতে তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের জন্য প্রস্তাব ও সুপারিশকারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেকে সম্মানিত মনে করার কথা উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি অর্পিত দায়িত্ব শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমোদনের পর পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
তার এই পদত্যাগের ঘটনায় আইন অঙ্গনে কিছুটা আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।