বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভিসা আবেদন করতে গিয়ে জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
দূতাবাসগুলো জানায়, এসব অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব, আর্থিক ক্ষতি, আন্তর্জাতিক সীমান্তে প্রবেশে বাধা এমনকি গুরুতর আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। তাই আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ব্যবহার এবং সরাসরি সরকারি চ্যানেলের মাধ্যমে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা, দ্রুত অনুমোদন বা প্রভাব খাটানোর দাবি করা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার আহ্বান জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
দেশগুলো মনে করছে, নির্ধারিত নিয়ম মেনে আবেদন করলে নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য ভিসা প্রক্রিয়া নিশ্চিত হবে।