আসন্ন সাধারণ নির্বাচনে নিজের জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্বাচনে পরাজিত হলেও কিংবা সরকার গঠনে ব্যর্থ হলেও রাজনীতি থেকে অবসর নেবেন না বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) ‘রেডিও নর্থ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করা প্রয়োজন হলেও এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন। বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত বলেও জানান।
সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট, নাফতালি বেনেট ও আবিগদোর লিবারম্যানের কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু। তাঁর দাবি, বিরোধী পক্ষ সরকার গঠন করতে চাইলে মনসুর আব্বাস ও আহমেদ তিবির মতো আরব নেতাদের সমর্থনের ওপর সম্পূর্ণ নির্ভর করতে হবে।
আইজেনকোটকে দুর্বল ও অকার্যকর আখ্যা দিয়ে নেতানিয়াহু ভোটারদের সতর্ক করেন। তিনি বলেন, আইজেনকোট আন্তর্জাতিক অঙ্গন কিংবা যুক্তরাষ্ট্রে কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না। এমনকি ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায়ও তিনি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হবেন বলে দাবি করেন নেতানিয়াহু।
সাক্ষাৎকারে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান রোনেন বারের করা মানহানি মামলার বিষয়েও কথা বলেন তিনি। বারের অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে নেতানিয়াহু তাঁকে ‘মিথ্যাবাদী’ বলে আখ্যা দেন।
নেতানিয়াহু জানান, নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রকের কাছে প্রায় এক হাজার নথি জমা দিয়েছেন। নির্বাচনে জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা এবং নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।