প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদের সভাপতির নাম প্রস্তাবকালে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদনেতা তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করছেন। তার রাজনীতি দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষার রাজনীতি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি গণতান্ত্রিক জনগণের সমর্থন এবং জাতীয় সংসদের সকল দলের নির্বাচিত সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দল, মত বা কর্মসূচি ভিন্ন হতে পারে। কিন্তু তাঁবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত এবং নিরাপদ সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে কারও মধ্যে কোনো বিরোধ থাকার কথা নয়।
তিনি বলেন, অতীতে জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়নি। বরং তা অকার্যকর করে রাখা হয়েছিল। নতুন সরকার সংসদকে যুক্তি, বিতর্ক ও জাতীয় সমস্যা সমাধানের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ দিন পর্যন্ত সংগ্রাম করেছেন।
আদালতের রায়ে সংসদ সদস্য হচ্ছেন বিএনপির সারোয়ার আলমগীর
তারেক রহমান বলেন, দেশে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন এক পরিস্থিতিতে সংসদের কার্যক্রম শুরু হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।