এবারের শপথ অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন–এ শপথ অনুষ্ঠিত হলেও দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার অনুষ্ঠান হবে রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায়। আয়োজন ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সূত্র জানায়, আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি নেতৃত্বাধীন জোট। ফল ঘোষণার পর থেকেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, একই দিনে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।