
প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ২:৮

আর্মি এভিয়েশনের একটি বিইএলএল-২০৬ হেলিকপ্টারের নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে জরুরি অবতরণ প্রক্রিয়া অনুশীলনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি জলাশয়ে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। হেলিকপ্টারে থাকা দুই পাইলটের শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত । আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে দুর্ঘটনাজনিত জরুরি অবতরণে বাধ্য হয় ওই হেলিকপ্টারটি।

অবতরণের পর হেলিকপ্টারে থাকা দুই পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসকে উদ্ধার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ স্থানান্তর করা হয়েছে।
ওই এলাকা ও হেলিকপ্টারটিকে নিরাপত্তা জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে । পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস থেকে সেখানে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।