
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০:১৯

কক্সবাজার ও তিন পাবর্ত্য জেলায়ও নানা আয়োজনে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে কক্সবাজারে শহীদ মিনার ও বধ্য ভূমিতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ। বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লে।
বান্দরবানেও ভোরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচির শুরু করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

রাঙ্গামাটিতে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া বিজয় দিবস উদযাপন হয় খাগড়াছড়িতেও।
এদিকে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ব্যাপক কর্মসূচি ছিলো বন্দর নগরী চট্টগ্রামেও। সকালে শহীদ সামসুজ্জামান স্টেডিয়ামে নানা আয়োজনের অন্যতম ছিল শিক্ষার্থীদের প্রদর্শনী। এছাড়া নগরের বাইরে উপজেলাগুলোতেও ছিল সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন।