
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ২:২৬

গত বছর প্রায় ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ইঁদুর নিধনের মাধ্যমে প্রায় ৮৯ হাজার ৮৭৬ মেট্রিক টন ফসল রক্ষা করা সম্ভব হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩৬০ কোটি টাকা। তাই খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তার জন্য ইঁদুর দমন করা অত্যন্ত জরুরি। সোমবার (১১ অক্টোবর) জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ ও ২০২০ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
রাজধানীর খামারবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, বছরে গড়ে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকার ফসল ইঁদুর নষ্ট করে। তাই ইঁদুর থেকে ফসলকে রক্ষা করার পাশাপাশি ইঁদুর নিধন কার্যক্রমে সবাইকে সম্মিলিতভাবে ইঁদুর নিধনে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক ড. মো. আবু সাইদ মিঞা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান। এ সময় কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছর মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান পরিচালনা করে। বর্তমানে এ অভিযান চলছে, যা ১০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ এর প্রতিপাদ্য ‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে’।
