
প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১৭:৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন। দেশটির রাজধানী বার্লিনের চ্যারিটি হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আজ শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতির এই সফরে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম।
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক ও ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমে জানান, রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বার্লিনের চ্যারিটি হাসপাতালে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২২ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডন হয়ে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। ৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। যার কারণে তাকে নিয়মিত চিকিৎসায় যেতে হয়। রাষ্ট্রপতি হওয়ার পরও লন্ডনে কয়েকবার স্বাস্থ্য পরীক্ষা করান আবদুল হামিদ।
করোনাভাইরাস মহামারির পর গত বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান রাষ্ট্রপতি।
