
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ২:৫৭

শুরুতে আপত্তি থাকলেও ভাসানচরে কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সরকারের সঙ্গে আগামী শনিবার (৯ অক্টোবর) চুক্তি করতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (৬ অক্টোবর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন এ তথ্য নিশ্চিত করেন। অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে ভাসানচরের।
সচিব বলেন, ‘বাংলাদেশের পক্ষে আমি এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান সমঝোতা স্মারকে (এমওইউ) সই করবেন। ওই দিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এ চুক্তি হবে।’ এর মাধ্যমে কক্সবাজারের ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে যাচ্ছে জাতিসংঘ।এ নিয়ে চলতি বছরের জুলাইয়ের শেষদিকে তাদের সঙ্গে খসড়া চুক্তি করে বাংলাদেশ।

আগস্টের শুরুতে তা চূড়ান্ত হলে সেপ্টেম্বর থেকে মাঠপর্যায়ে কাজ শুরুর কথা ছিল জাতিসংঘ। তবে সেসময়ে কার্যক্রম শুরু হয়নি। অবশেষে অক্টোবর থেকে তা শুরু হতে যাচ্ছে।