
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২১, ৩:৩৪

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মনিটরিংয়ের জন্য সরকারি ছুটির দিন শনিবারও (১১ সেপ্টেম্বর) খোলা থাকছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুল আলমের সাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, প্রশাসনিক জরুরি কার্য সম্পাদনের জন্য আগামী ১১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খোলা রাখা প্রয়োজন। এ জন্য মন্ত্রণালয়ের সকল ও কলাপসিবল গেট খোলা রাখা, সংশ্লিষ্টদের সচিবালয়ে প্রবেশ, বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এদিকে আগামী ১২ সেপ্টেম্বর খুলছে দেশের সব স্কুল-কলেজ। এ জন্য সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এসব বিষয় মনিটরিং করতে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তারা নিয়মিত কাজ শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এ মনিটরিং আরও জোরদার করা হবে। দেশের সকল স্কুল-কলেজ থেকে প্রতিদিনের সার্বিক তথ্য পাঠাতে বৃহস্পতিবার নির্দেশনাও দিয়েছে মাউশি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
