
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৮

রাজধানীর বছিলায় একটি বাসা থেকে এমদাদ ওরফে উজ্জ্বল মাস্টার নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সম্প্রতি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হন চার জঙ্গি। আটক উজ্জ্বল মাস্টার ওই দলেরই একজন সদস্য বলে র্যাব জানিয়েছে। ওই বাসা থেকে একটি পিস্তল, বিস্ফোরক ও তিন লাখ টাকা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
গতকাল বুধবার গভীর রাতে বছিলার ওই চারতলা বাসায় অভিযান চালায় র্যাব। বাসাটি র্যাব ২ নম্বর কার্যালয়ের কাছে। কার্যালয় থেকে ওই বাসায় হেঁটে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, সম্প্রতি ময়মনসিংহ থেকে চারজন জঙ্গি গ্রেপ্তার হন। ওই দলেরই একজন সদস্য উজ্জ্বল মাস্টার। ২ সেপ্টেম্বর তিনি বছিলার এই বাসায় ওঠেন। নিজেকে তিনি প্রিন্টিং প্রেসের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। স্ত্রীকে আনার কথা বললেও আনেননি। জাতীয় পরিচয়পত্রও জমা দেননি।
র্যাব আরও বলেছে, চারতলা ভবনের দোতলার যে ফ্ল্যাটে উজ্জ্বল মাস্টার ছিলেন, সেখানে তাঁর আরও দুই সহযোগী ছিলেন। তাঁরা গতকাল চলে গেছেন।চারতলা ওই ভবন র্যাব সদস্যরা পাহারা দিচ্ছেন। ভবনের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওই ভবনের দারোয়ান মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, এমদাদ ওরফে উজ্জ্বল মাস্টারের সঙ্গে আরেকজন ছিলেন। তিনি গতকাল চলে যান। পরে আরেকজন এসেছিলেন।

মহিউদ্দীন আরও বলেন, এমদাদ নিজেকে প্রিন্টিং প্রেসের মালিক বলে পরিচয় দিয়েছিলেন। তাঁর সঙ্গে থাকা দুজন প্রেসের কর্মী বলেও জানিয়েছিলেন। প্রতিদিন সকালে একটি পানির বোতল আর পলিথিনের ব্যাগ হাতে বেরোতেন। আজ স্ত্রীকে বাড়ি থেকে আনার কথা বলেছিলেন। বাড়ি নওগাঁ বলে শুনেছেন। তিনি সন্দেহজনক কোনো কিছু দেখেননি।
রাজধানীর বছিলায় একটি বাসা থেকে এক ‘জঙ্গিকে’ আটক করেছে বলে জানিয়েছে র্যাবরাজধানীর বছিলায় একটি বাসা থেকে এক ‘জঙ্গিকে’ আটক করেছে বলে জানিয়েছে র্যাবছবি: সংগৃহীতগত শনিবার ময়মনসিংহ শহরতলির খাকডহর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করে র্যাব। র্যাব জানায়, জেএমবির ওই চার সদস্য মূলত ডাকাতিসহ অন্যান্য উপায়ে লুটতরাজ করে দলের জন্য অর্থ সংগ্রহের কাজ করতেন। তাঁরা চারজন মিলে ময়মনসিংহে বড় ধরনের প্রতিষ্ঠানে ডাকাতি করে ময়মনসিংহের এক ব্যক্তির কাছে হস্তান্তরের জন্য নৌকায় করে ময়মনসিংহে এসেছিলেন।