
প্রকাশ: ৭ জুলাই ২০২১, ২২:২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন পর্যুদস্ত তখন শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে।
তিনি বলেন, জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় সরকার এবং আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে মহামারির বিরুদ্ধে সফলতার সঙ্গে লড়ে যাচ্ছে।বুধবার (৭ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

করেনার প্রথম ঢেউ সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন আবার হঠাৎ মহামারি দেখা দিলে, নমুনা পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ, দেশব্যাপী চিকিৎসা নেটওয়ার্ক তৈরিসহ সম্মুখসারির যোদ্ধা এবং অসহায় মানুষের সুরক্ষায় শেখ হাসিনা সরকারের সুদক্ষ কর্মপ্রয়াস বিশ্বসভায় প্রশংসিত হলেও দেশের রাজনীতিবিদ ও মিডিয়ার একটি অংশের প্রশংসা করতে এক ধরনের কার্পণ্য দেখা যায়। কর্মের নূন্যতম স্বীকৃতিও তাদের থেকে পাওয়া যায় না বলেও জানান ওবায়দুল কাদের।
করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, বাড়ছে মৃত্যু এ অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলমত নির্বিশেষে সঙ্কট মোকাবিলায় সকলের সহযোগিতার মনোভাব থাকা জরুরি বলে মনে করেন।ওবায়দুল কাদের বলেন, নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।