মিয়ানমার জান্তা সরকারের নানা নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে ফেরত পাঠাতে জাতিসংঘ কাজ করছে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোজকিশ।
বুধবার (২৬ মে) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। টেকসই প্রত্যাবাসনের আশ্বাস পাওয়ায় খুশি রোহিঙ্গা প্রতিনিধিরাও।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন দেওয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। তার ওপর ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পড়ছে বৃষ্টি। এসব প্রতিকূলতা উপেক্ষা করেই বুধবার সকালে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ছুটে যান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি।
প্রসঙ্গতঃ নতুন পুরনো মিলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৪টি আশ্রয়শিবিরে বসবাস করছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। ৩ বছরের বেশি সময় ধরে কয়েকবার চেষ্টা পরও মিয়ানমারের অনীহার কারণে তাদের স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।