
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ৪:২৯

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাজধানীতে শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে । আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা , আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাতে ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা আরও কমবে। রাতে ঢাকায় ১ থেকে ২ ডিগ্রির বেশি তাপমাত্রা কমবে। এই মাত্রার শীত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী ২৪ জানুয়ারি থেকে মেঘলা আকাশ বিরাজ করলেও শীত কিছুটা কমবে। সাধারণত মেঘলা পরিস্থিতি বিরাজ করলে তাপমাত্রা কিছুটা বাড়ে। তবে জানুয়ারি মাসজুড়ে শীতের অবস্থা এরকমই থাকবে।

তিনি বলেন, আজ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এলাকা আরও বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ৬ জেলা ও দুটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি