প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫৪

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের ওপর ভয়াবহ হামলার ঘটনায় তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনা স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে। শুক্রবার রাত স্থানীয় সময় প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পরিবারের প্রধান কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে বসবাস করছিলেন। হামলায় নিহত অন্য দুজন হলেন তার স্ত্রী ও মাত্র পাঁচ বছর বয়সী কন্যাসন্তান।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের ফ্ল্যাটে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই কামাল হোসেন, তার স্ত্রী ও ছোট মেয়ের মৃত্যু হয়।
এ সময় পরিবারের ১৮ বছর বয়সী বড় ছেলে হামলাকারীকে প্রতিরোধের চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সে ফ্ল্যাট থেকে বের হয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা দ্রুত জরুরি সেবায় খবর দেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে রোম পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত কার্যক্রম শুরু করা হয় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের বরাত দিয়ে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহত তরুণের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তবে হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতির চেষ্টা নাকি ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত অপরাধ—সব দিকই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনই মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হবে।