পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াতে টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার (৩ মে) সরকারি সূত্র জানায়, থারাকা নিথি, এলজিও-মারাকওয়েট এবং কিয়াম্বু কাউন্টিতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এসব ঘটনায় বহু বসতবাড়ি ধসে পড়েছে এবং বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে। দুর্গত এলাকার মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা কাদা ও পানির স্রোতে ঘরবাড়ি, সড়ক ও স্থানীয় অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ায় জরুরি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে রাজধানী নাইরোবির বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। কোথাও কোথাও কোমরসমান পানির মধ্যে দিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়, যা নগর জীবনে বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করেছে।
সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা সড়ক সংস্কার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন।
এর আগে আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছিল, অতিবৃষ্টির কারণে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে এবং কৃষিজমির বড় ধরনের ক্ষতি হতে পারে।
উল্লেখ্য, দুই মাসেরও কম সময়ে এটি কেনিয়ার দ্বিতীয় বড় বন্যা বিপর্যয়। গত মার্চে নাইরোবিতে বন্যায় অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পূর্ব আফ্রিকায় চরম আবহাওয়া পরিস্থিতি ক্রমেই বাড়ছে।