
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২, ২:১

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চকর জয় ভুলবার মতো নয় পাকিস্তানের। নাসিম শাহ দুই বলে দুই ছক্কা মেরে জয় তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই গোটা দেশে ছড়িয়ে পড়ে জয়ের আনন্দ। এই আনন্দে প্রাণ হারাতে হয়েছে দুইজনকে।
পাকিস্তানের দ্য নিউজ, জিও নিউজ, খালিজ টাইমসসহ বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়েছে, পেশোয়ারের মাত্তানি আদ্দেজাই এলাকায় সুদাইস নামের এক ব্যক্তি পাকিস্তান জয়ের পর শূন্যে গুলি ছুড়ে জয়োল্লাস করছিলেন। এ সময় গোলাগুলিতে প্রাণ হারান ওই ব্যক্তির ছেলে ও অন্য এক ব্যক্তি।
খালিজ টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, সুদাইস নামের ওই ব্যক্তি দেশের জয়ে অনেকটা উন্মাদ হয়ে শূন্যে গুলি ছুড়ছিলেন। এ সময় তার ছোড়া গুলি গিয়ে লাগে ছেলে ও বন্ধুর শরীরে।

এ ছাড়াও পেশোয়ারের শহরের মহসিন খান এলাকার দালজাক রোড, নথিয়া এবং কোতলায় গোলাগুলিতে তিন নারী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
এমন ঘটনায় পেশোয়ার থেকে ৫০ জনকে আটকের খবর জানিয়েছে পেশোয়ার পুলিশ। এ ছাড়াও অস্ত্র উদ্ধারে নেমেছে স্থানীয় পুলিশ।
আগামী ১১ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচকে ঘিরে দেশটির বিভিন্ন প্রদেশে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।