
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১০

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা বন্ধের সময় সীমা নির্ধারণের পর ঢাকার সাভারে টিকা কেন্দ্রে ঢল নেমেছে সাধারণ মানুষের। এসময় ধাক্কাধাক্কির কারণে টিকা নিতে আসা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় তিনজন স্বাস্থ্যকর্মীও আহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে টিকা নিতে মানুষের ভীড় জমলে বিশৃঙ্খলা শুরু হয়।
দেখা যায়, সকাল থেকে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভীড়ে হঠাৎ অপেক্ষমানদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলা রোধে হ্যান্ডমাইকে সবাইকে শান্ত থাকতে বলেন। কিন্তু তারপরও উপস্থিত জনতা ভীড় ঠেলে টিকা কেন্দ্রের ভিতরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এসময় ভীড়ের মধ্যে পড়ে ও হাতাহাতির কারণে স্বাস্থ্যকর্মীসহ টিকা নিতে আসা বেশ কয়েকজন আহত হন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা জানান, হাজার হাজার মানুষ এসেছে। আজকে হুড়োহুড়িতে আমাদের এখানে ৩ জন কর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে আছেন। সবাইকে সুশৃঙ্খল ভাবে থাকতে বলা হয়েছে। এখানে যারা এসেছে সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। আমাদের উচ্চ পদস্থ কর্মকর্তারাও বলেছেন, ভ্যাকসিন যত লাগে দেয়া হবে। পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মীরাও রয়েছেন। এখন যদি শৃঙ্খলাটা ঠিক রাখা যায় আমরা বিশ্বাস করি সবাইকে ভ্যাকসিন দিতে পারবো।'

ভ্যাকসিনের স্থান বাড়ানো যায় কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা ইতিমধ্যে জায়গা বাড়িয়েছি। আমিনবাজার, ইপিজেডসহ কিছু কারখানা ও অন্যান্য জায়গায় টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। আমরা মানুষকে জানিয়ে দিয়েছি। তারা যদি ধৈর্য সহকারে আসে এটা কোন বিষয় না। কিছু মানুষ বিশৃঙ্খলা না করলে এমন হতো না। আইনশৃঙ্খলা বাহিনীও সেজন্য কাজ করছে। সবাই আন্তরিক হলেই যেকোন অতিমারি নিয়ন্ত্রণ করা সম্ভব।'