
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫০

জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পান্ডের, শুক্রবার বেলা ১১টা নাগাদ এই খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ৩২ বছরের নায়িকার এই আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। শোকের ছায়া নেমে আসে বিনোদনপাড়ায়।
তবে একদিন না জেতেই সব রহস্যের জবাব দিলেন পুনম নিজেই! হ্যাঁ, বেঁচে আছেন পুনম পাণ্ডে। মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই! ভিডিও বার্তায় স্পষ্ট করলেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ। খবর হিন্দুস্তান টাইমস'র।
ভিডিও বার্তায় পুনম বললেন, ‘‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধা হয়েছে, যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার, কারণ আমরা সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যে নাটক করেছি। জানি হয়ত বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ু-মুখ ক্যানসার নিয়ে কথা বলছে।’’

পুনমের সংযোজন, ‘‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কাড়ছে। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবর যেটা করে দেখালো। যারা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে।’’
আগামী ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যানসার দিবস। ঠিক তার দু-দিন আগেই পুনমের সার্ভিক্যাল ক্যানসারে আচমকা মৃত্যুর খবরে অনেকেই মনে করেছিলেন হয়ত গোটাটাই প্রচার কৌশল। সেটিই সত্য হলো।
শুক্রবার বেলায় পুনম পান্ডে মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। জানানো হয় জরায়ু মুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। নিজের ১০ বছরের কর্মজীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন এই তারকা। তবে সব বিতর্ককে ছাপিয়ে গেছে মৃত্যুর এই মিথ্যে নাটক।