বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সহকারী পরিচালক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া শূন্যপদের মধ্যে বহু ভুল তথ্য রয়েছে।
প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়, মোট ২৩৭টি পদ ভুলভাবে চাহিদাভুক্ত করা হয়েছে। এসব ভুলের মধ্যে রয়েছে নির্ধারিত বিষয়বহির্ভূত পদে চাহিদা দেওয়া, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থী না থাকা সত্ত্বেও পদ দেখানো, ভুল তথ্য প্রদান, মামলা চলমান থাকা সত্ত্বেও পদ অন্তর্ভুক্ত করা এবং যথাসময়ে তথ্য না পাঠানোর মতো অনিয়ম।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভুল তথ্যের কারণে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অযোগ্য ব্যক্তি নিয়োগ সুপারিশ পাচ্ছেন, যা পরবর্তীতে ভুক্তভোগীদের জন্য বড় ধরনের সমস্যার কারণ হচ্ছে।
এ অবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের আগামী দশ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্টদের বেতন-ভাতা স্থগিত করার সুপারিশসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।