
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৪০

প্রয়োজনে নতুন কারিকুলামের মূল্যায়নে অবশ্যই পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, শিক্ষাবর্ষ মাত্র শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তাহলে পরিবর্তন অবশ্যই আসবে।
রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুর দিনেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন কারিকুলাম হঠাৎ করে আসেনি। এটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক। এই আলোচনা সমালোচনাগুলোকে মাথায় রেখেই সেখানে দুর্বলতা থাকলে, সমস্যা থাকলে সেটা সমাধান করা হবে। মূল্যায়ন নিয়ে একটা আলোচনা আছে সেই মূল্যায়ন যাতে কোনো প্রতিবন্ধকতায় পরিণত না হয় সেটাকে আমরা বিবেচনায় রেখে এগিয়ে যাব।