
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৭

বরগুনা জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে ৪৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বামনা উপজেলার শফিপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার জনাব মো: শহিদুল ইসলাম জানান, ইয়াবার চালানের খবর পেয়ে আজ বিকাল থেকেই বামনায় গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে অভিযান শুরু করে র্যাব-৮। এ সময় তারা নিশ্চিৎ হন, কুখ্যাত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি নজরুল ইসলাম তার নিজ বাড়িতে ইয়াবার বড় একটি চালান নিয়েছেন।

তিনি আরও জানান, এরপর র্যাব তার বাড়িতে তল্লাশী করতে গেলে পালানোর চেষ্টা করে নজরুল। সে সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে ইয়াবার কথা। পরে তল্লাশী করতে থাকলে নজরুলের রান্না ঘরের মেঝেতে গর্তের ভেতর থেকে ৪৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। এরপর তাকে গ্রেপ্তার করে ইয়াবাসহ বামনা থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।