
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ৩:৪৭

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের আগে নিয়মানুযায়ী বিশ্বভ্রমণে বের হবে ট্রফি। সেই বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশেও আসবে এই ট্রফি। বিশ্বকাপের এই শিরোপা নিয়ে পদ্মা সেতুতে ফটোসেশন করার পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
বর্তমানে পাকিস্তানে আছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বাবর-রিজওয়ানদের দেশ থেকে শ্রীলঙ্কা ঘুরে ৭ আগস্ট ট্রফি আসবে বাংলাদেশে। সূচি অনুযায়ী, ৭ থেকে ৯ আগস্ট বিশ্বকাপ ট্রফি থাকবে ঢাকায়। অবশ্য এই সূচি এখনও চূড়ান্ত হওয়া বাকি। তবে প্রাথমিক যে আলোচনা, তাতে বাংলাদেশে এসে বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতেও। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিশ্বকাপ ট্রফিকে সাধারণত দেশের দর্শনীয় একটি স্থানে নিয়ে যাওয়া হয় ফটোসেশনের জন্য। গত বছরের ২৫ জুন উদ্বোধিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই ট্রফি নিয়ে সেখানে ফটোসেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

তবে পদ্মা সেতুতে ট্রফি যাবে শুধু ফটোসেশনের জন্যই। সাধারণ মানুষের দেখার জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হবে ঢাকার বড় কোনো শপিং মলে। এখন পর্যন্ত যা আলোচনা, তাতে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হতে পারে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এ ছাড়া ক্রিকেটারদের ট্রফি দেখা ও ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

চলতি বছরের জুনের শেষদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করে আয়োজক দেশ ভারত। এরপর ট্রফিটির বিশ্বভ্রমণ শুরু হয় ১৪ জুলাই থেকে। মোট ১৭টি দেশে ঘুরে ট্রফিটি চূড়ান্তভাবে বিশ্বকাপের দেশ ভারতে যাবে ৪ সেপ্টেম্বর। এর আগেও অবশ্য দুবার ভারত ভ্রমণ করবে ট্রফি। বাংলাদেশ থেকে ১০ আগস্ট বিশ্বকাপের ট্রফি যাবে কুয়েতে।