
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩

এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। আজ টুর্নামেন্টের বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ ম্যাচ জিতলেই সুপার ফোরে খেলার সুযোগ পাবে টাইগাররা। আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই এবারের এশিয়া কাপ শেষ করতে হবে গত দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশকে। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মোকাবিলা করবে বাংলাদেশ। ২০১৮ সালে এই ভেন্যুতেই এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করেছিল টাইগাররা। লঙ্কানদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেটি ছিল ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। তারপরও ২০১৮ সালের ওই জয়টি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিবে।
একই আসরে এই ভেন্যুতে আরো ২টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই ভারতের কাছে হারে তারা। এর মধ্যে ফাইনালও ছিল। ৩ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের।
তবে দুবাইয়ের এই ভেন্যুতে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি ৮ উইকেটে হারে টাইগাররা।
প্রথম ব্যাট করে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের ছুড়ে দেয়া ৭৪ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৩৮ বল লাগে অস্ট্রেলিয়ার। তবে ওই লজ্জাজনক হারের স্মৃতি ভুলে আজ জ্বলে ওঠার প্রত্যাশায় বাংলাদেশ। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। টানা দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে শেষ চারে খেলা নিশ্চিত করেছে ছন্দে থাকা আফগানিস্তান। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্টের খাতা এখনো শূন্য। তাই এই দুই দলেরও এখনো শেষ চারে যাওয়ার সমান সুযোগ রয়েছে। সেটা কীভাবে খুলে বলা যাক!

শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুদলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে আফগানিস্তানের কাছে। তাই সহজেই দুই জয় নিয়ে সুপার ফোরের টিকিট পেয়ে গেছে আফগানরা। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভাগ্য এখনো ঝুলে আছে।
এক্ষেত্রে হিসেবেটা দুদলের জন্যই সহজ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে যে জিতবে সে দলই আফগানদের সঙ্গে শেষ চারে যেতে পারবে। তাই শেষ চারে যেতে হলে যেভাবেই হোক আজ লঙ্কানদের হারাতেই হবে সাকিব-মুশফিকদের। নয়তো কালই শেষ হবে এশিয়া কাপে বাংলাদেশের মিশন।
যদি কোনো কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি ভেস্তে যায় তা হলে সমীকরণ কী হতে পারে? এক্ষেত্রে দুদলই এক পয়েন্ট করে পাবে। সে রকম পরিস্থিতিতে যে দল রান রেট ব্যবধানে এগিয়ে থাকবে সে দলই যাবে শেষ চারে। এই মুহূর্তে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুটি দল নিজেদের প্রথম ম্যাচে হারলেও নেট রানরেটে তাদের মধ্যে অনেক ব্যবধান। কারণ, আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কা হেরেছে ৮ উইকেটে। অন্যদিকে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। সেক্ষেত্রে রানরেটে এগিয়ে আছে বাংলাদেশ। তাই কোনো কারণে ম্যাচ ভেস্তে গেলে শেষ চারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে। যদিও আবহাওয়া বলছে ম্যাচটি ভেস্তে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই শেষ চারের টিকিট পেতে শ্রীলঙ্কাকে হারাতেই হবে বাংলাদেশের। নয়তো বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।