
প্রকাশ: ৫ নভেম্বর ২০২১, ১:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে নাটকীয়তার মধ্য দিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বিশ্বমঞ্চে গিয়ে নাটক জমাতে ব্যর্থ হয় তারা। দেশের মাটিতে শেষ দুই সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ওপর থাবা বসাতে পারলেও বিশ্বমঞ্চে দেখা মিলে নখদন্ত টাইগারদের। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের মধ্য দিয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে তারা। হার দিয়ে শুরু ও হার দিয়ে বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে টিম টাইগারস।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জাতীয় দলের একাংশ বহনকারী এমিরেটসের দুবাই-ঢাকা ফ্লাইটটি। আর জাতীয় দলের দ্বিতীয় বহর এসে পৌঁছবে আজ রাত ১১টায়। তবে এই বহরে থাকছেন না ৪ সিনিয়র ক্রিকেটার-মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ।
শুরুতে দেশে এসেছেন শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী। বিসিবি চিকিৎসক ও মিডিয়া ম্যানেজারও আছেন একই ফ্লাইটে। রাত ১১টায় ফেরার কথা আছে সৌম্য সরকার নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসেনের।

দুই ভাগে দল দেশে ফিরলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে আমিরাতে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। চার ক্রিকেটারের মত ফেরা হচ্ছে না কোচিং স্টাফদেরও। সপ্তাহ খানেকের ছুটি কাটিয়ে ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।

১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগেই দেশে ফিরবেন বাকি চার ক্রিকেটার।
জাতীয় দল, ক্রিকেটার, কোচ, সংগঠক তথা ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে বিমানবন্দরে স্বাগত ও বিদায় জানানোর কাজে বিসিবি থেকে নিয়োজিত ওয়াসিম খান নিশ্চিত করেছেন, ১২ জনের প্রথম বহর ঠিক বিকেল ৫ টা ২০-এর পরপরই ঢাকা এসে পৌঁছেছে। ওই বহরে ৮ জন ক্রিকেটার এবং ৪ জন কর্মকর্তা আছেন।