
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১৮:৫৭

এবার বাংলাদেশের ম্যাচ থেকে দৃষ্টি সরিয়ে নজরে এলো আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগানের অবসরের খবর। আচমকাই বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে সাবেক অধিনায়ক আফগান জানান, রোববার (৩১ অক্টোবর) নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিই হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।আসগরের এ সিদ্ধান্তকে সম্মানের সঙ্গেই সাধুবাদ জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না আসগর। অবশ্য বিশ্ব আসরে এখন পর্যন্ত আফগানিস্তান ম্যাচ খেলেছে দুটি। যেখানে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে ১৩০ রানের বড় ব্যবধানে হারান তারা। সে ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে মাঠে নেমে করেন ৭ বলে ১০ রান।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১০.৩৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ২১.৭৯ গড়ে রান করেছেন ১ হাজার ৩৫১।

নিজের ব্যাটিংয়ের চেয়ে অধিনায়ক হিসেবেই বেশি সফলতা দেখিয়েছেন আসগর আফগান। ১১৪টি একদিনের ক্রিকেটে ৫৯টি ও ৭৪ টি-টোয়েন্টির মধ্যে ৫২টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।এর আগে, ২০০৯ সালে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে আসগরের। ক্রিকেটের এই ফরম্যাটে ১১৪ ম্যাচে ২৪.৭৩ গড়ে তার রান ২৪২৪। আর সাদা পোষাকে ৬ ম্যাচে ৪৪ গড়ে রান করেছেন ৪৪০।
কোনো ট্যাগ পাওয়া যায়নি