
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩

এবারের আসন্ন বিশ্বকাপে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুর ১২টার পর ঘোষিত স্কোয়াডে নতুন মুখ নেই কোনো। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের নিয়েই তৈরি করা হয়েছে বিশ্বকাপের স্কোয়াড।
আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। বি গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে সুপার-১২'র টিকিট পাবে বাংলাদেশ।এই টুর্নামেন্টের স্কোয়াডে কোনো নতুন মুখ না থাকলেও, ছয়জন খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বাদ পেতে চলেছেন। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

এছাড়া লিটন কুমার দাস ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলেছেন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। পাঁচ বছর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না তারা। তাই এটি তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে।বাংলাদেশের স্কোয়াডে এর আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা ক্রিকেটার সাতজন। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।