
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ২২:৪৪

তিনটি থানকুনি পাতা খেলে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হবে না এমন গুজবে ভোলার দৌলতখান উপজেলায় থানকুনি পাতা খাওয়ার হিড়িক পড়েছে। গুজবটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে এর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান।
জানা যায়, দৌলতখান উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে হঠাৎ করে বুধবার (১৮মার্চ) রাত সাড়ে তিনটার সময় অনেকেই তিনটি করে থানকুনি পাতা খেয়েছেন। তাদের ধারণা, থানকুনি পাতা খেলে এই ভাইরাসে আক্রান্ত হবে না। দৌলতখান মার্কাস মসজিদের খতিব মাওলানা মাহাবুবুর রহমান জানান, এটা নিতান্তই একটি গুজব।
পৌরসভার মনির মাস্টার বলেন, মঙ্গলবার (১৭মার্চ) বাগান ভরা থানকুনি পাতা ছিল। বুধবার (১৮মার্চ) ভোরে দেখি বাগানে কোনো পাতা নেই।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, থানকুনি পাতা খাওয়ার বিষয়টি হলো একটি গুজব। কেউকে গুজব কান না দেওয়ার আহ্বান জানান তিনি।