
প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ৩:২৭

করোনায় মৃত প্রত্যেককে ৫০ হাজার রূপি বা ৫৭ হাজার বাংলাদেশি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সরকারি সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। ভারতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুযায়ী ক্ষতিপূরণ চেয়ে আইনজীবীদের একটি আবেদনের পর সুপ্রিম কোর্ট তা অনুমোদনের আদেশ দেয়। খবর বিবিসির।
সরকারি হিসাব অনুযায়ী ভারতে ৪ লাখ ৪৭ হাজারেরও বেশি মানুষ করোনায় মারা গেছে। যদিও বিশেষজ্ঞদের মতে, এই মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ১০ গুন বেশি। সোমবার বিচারক এমআর শাহ বলেন, মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনকে এই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন স্কিমের আওতায় এই ক্ষতিপূরণ প্রদান করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে করোনা সংক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করা নিয়ে কঠোর অবস্থান নেন ভারতের সুপ্রিম কোর্ট। জনস্বার্থ মামলায় সর্বোচ্চ আদালত জানিয়েছিলেন এত মানুষের মৃত্যুতে ভারত সরকার দায় এড়াতে পারে না।
সে সময় হলফনামা চাওয়া হয় কেন্দ্রের কাছে। পরে নিজেদের হলফনামা মেনেই অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিতে মোট ৭২৭৪ কোটি ৪০ লাখ রুপি বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে ৫ রাজ্যকে দেয়া হয় ১৫৯৯ কোটি ২ লাখ রুপি। মূলত করোনায় মৃতদের পরিবারকে করোনায় মৃত্যুর সনদপত্রসহ জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিকের কাছে আবেদন করতে হবে। তিনি সবকিছু খতিয়ে দেখে এই অর্থ মঞ্জুর করবেন।
