রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুলের পি কে গাঙ্গুলি লেনের একটি ভবনের চারতলার মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অনিকের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। তবে তাঁর পরিবার বর্তমানে সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, অনিক স্বভাবগতভাবে চুপচাপ ছিলেন। তিনি প্রায়ই কানে হেডফোন লাগিয়ে নিজের কক্ষে দীর্ঘ সময় থাকতেন। ঘটনার সময় তাঁর রুমমেট ভারতে অবস্থান করায় কক্ষে তিনি একাই ছিলেন।
মঙ্গলবার দুপুরে তাঁকে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। পরে রাতে এক বান্ধবী ফোনে অনিককে না পেয়ে মেসমেটদের বিষয়টি জানান। এরপর দীর্ঘ সময় দরজায় কড়া নেড়েও সাড়া না পেয়ে মেসের সদস্যরা জানালা দিয়ে কক্ষে তাঁর মরদেহ দেখতে পান।
সহপাঠীরা জানান, ঘটনার দুই দিন আগে অনিকের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকে তিনি আরও চুপচাপ হয়ে পড়েছিলেন। তাঁর মোবাইল ফোন বন্ধ ও ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলেও তাঁরা জানান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল হাসপাতালে গিয়ে জানান, পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।