কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাসহ দুই ভাইকে আটক করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নাফ নদীর চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে নদী থেকে তীরে ফেরার সময় সন্দেহভাজন একটি হস্তচালিত কাঠের নৌকা আটক করা হয়। নৌকায় থাকা উত্তর চৌধুরীপাড়ার বাসিন্দা মো. আয়াছ ও মো. রফিক নামে দুই ভাইকে আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্যের ভিত্তিতে কেওড়া বাগান এলাকায় প্রায় চার ঘণ্টা চিরুনি অভিযান চালানো হয়। একপর্যায়ে কাদামাটির প্রায় আড়াই ফুট গভীরে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।
আটক দুই ভাইয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবির আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হবে।