প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০

ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী চার শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলো হলো নাচনমহল ইউনিয়নের ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশের রানাপাশা ইউনিয়নের হদুয়া গ্রামের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয় ও ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতোমধ্যে বিদ্যালয়গুলোর খেলার মাঠের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে শ্রেণিকক্ষ ও মাঠ। জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে, কোথাও দেখা দিয়েছে ফাটল। ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। এতে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আতঙ্কে রয়েছেন।
