
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৮

রাজবাড়ীর গোয়ালন্দে মৎস্যসম্পদ বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। জলাশয় নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ কমিটির উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হয়।
এ কর্মসূচির আওতায় অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়কে মাছের প্রজনন ও উৎপাদনের উপযোগী হিসেবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল হুদা। তিনি জলাশয়ে পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট। তিনি বলেন, উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রাচুর্য ধরে রাখা এবং মৎস্য উৎপাদন বাড়াতে নিয়মিতভাবে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোতে মাছের প্রাকৃতিক বিচরণ ও প্রজননের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি এলাকার মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।