গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়। দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত অন্তত ৩০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।