প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ আগস্ট অনুষ্ঠেয় এ কর্মী সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
রোববার বাদ মাগরিব আলীহাট ইউনিয়নের মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি অধ্যাপক মো. শাহীনুর ইসলাম শাহীন মন্ডল। তিনি কর্মী সম্মেলন সফল করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভায় জানানো হয়, জাতীয় নির্বাচনের পর দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি প্রথমবারের মতো উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
আলীহাট ইউনিয়নের পাশাপাশি হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার তৃণমূল পর্যায়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় ও কর্মী সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

অধ্যাপক শাহীনুর ইসলাম শাহীন মন্ডল বলেন, আগামী ২৬ আগস্ট বুধবার দুপুরে আলীহাট ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কর্মী সম্মেলনে স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে যোগ্য ব্যক্তিকে বাছাইয়ের বিষয়েও তৃণমূল নেতা-কর্মীদের মতামত দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, হাকিমপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক তাজ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আল ইমরান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক স্বপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম হোসেন ও ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।