সংসারের দায়িত্ব সামলে ছেলের সঙ্গে একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন রাজশাহীর সাদিয়া বেগম। আর তার ছেলে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। মা-ছেলের এমন সাফল্যে পরিবার ও এলাকাজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
সাদিয়া বেগম রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসিলা এলাকার বাসিন্দা। প্রায় ১৯ বছর আগে বিয়ের পর পারিবারিক ও সংসারের নানা দায়িত্বে তার পড়াশোনায় ছেদ পড়ে। দীর্ঘ প্রায় ১৭ বছর বই-খাতা থেকে দূরে থাকলেও শিক্ষার প্রতি আগ্রহ হারাননি তিনি।
একপর্যায়ে আবারও বই হাতে তুলে নেন সাদিয়া। সংসারের কাজ, সন্তানদের লালন-পালন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যেতে থাকেন। কখনো সন্তানদের পড়াশোনা দেখেছেন, আবার কখনো রাত জেগে নিজের বই-খাতা নিয়ে বসেছেন।
প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরিবারের সম্মতিতে শুরু করেন পরীক্ষার প্রস্তুতি। সংসারের ব্যস্ততার মধ্যেও নিয়মিত পড়াশোনার জন্য সময় বের করেন।
চলতি বছরের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়ে সেই পরিশ্রমের ফল পেয়েছেন সাদিয়া। রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ-৫ অর্জন করেন।
অন্যদিকে, তার ছেলে একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। মা ও ছেলের পাশাপাশি এমন সাফল্যে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
দীর্ঘ বিরতির পর শিক্ষাজীবনে ফিরে এসে সাদিয়ার এই সাফল্য প্রমাণ করেছে, বয়স বা পারিবারিক দায়িত্ব শিক্ষার পথে বাধা হলেও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে লক্ষ্য অর্জন সম্ভব।