বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে থানচি উপজেলার রাজা পাথর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা এবং মো. হেলাল উদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, সকালে নৌকাডুবির স্থানের কাছাকাছি পানিতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিজিবি ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, রাজা পাথর এলাকায় মরদেহটি ভেসে ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করেন। পরে মরদেহটি ক্যাম্পে নিয়ে রাখা হয়।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পর থেকেই তাদের ডুবুরি দলসহ মোট আটজন সদস্য দীর্ঘ সময় ধরে সাঙ্গু নদীতে তল্লাশি চালান। তবে প্রবল স্রোতের কারণে নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ঘটনার দুই দিন পর নদীতে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড়ের ২১ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে তিন্দুতে পৌঁছায়। পরে সেখান থেকে নৌকাযোগে লাংলোক ঝরনা দেখতে যাওয়ার পথে রাজা পাথর এলাকায় প্রবল স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। পরে ব্যাপক তল্লাশি চালিয়েও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।