
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৬:২১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আলোচিত ভিডিওকে কেন্দ্র করে ব্যতিক্রমী প্রতিবাদের ঘটনা ঘটেছে। এক মণ দুধ দিয়ে প্রতীকী গোসল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের স্থানীয় এক নেতা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার উপস্থিতিও লক্ষ্য করা যায়।
জানা গেছে, মো. দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে তিনি দলীয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
স্থানীয়দের ভাষ্য, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং তা নিয়ে সৃষ্ট বিতর্কের পর দেলোয়ার হোসেন নিজের নৈতিক অবস্থানের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর এলাকাবাসীর উপস্থিতিতে প্রতীকীভাবে এক মণ দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দেন।
দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত ও হতাশ। একজন কর্মী হিসেবে পরিস্থিতি মেনে নিতে না পেরে বিবেকের তাড়নায় তিনি জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বাসিন্দা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাদের মতে, সংসদ সদস্যকে ঘিরে যে অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেও তারা মত দেন।
এদিকে, নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব নয়। বিষয়টি যাচাই করে পরে জানানো হবে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তবে ভিডিওটির সত্যতা এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক তদন্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। তাই অভিযোগের বিষয়গুলো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।